চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে পুলিশের ব্যর্থতাও রয়েছে। এ মন্তব্য করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। গতকাল রোববার রাতে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি এমন মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনের পর আসামিদের ধরতে রাতেই নগরজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।
সংবাদ সম্মেলনে ওয়াহিদুল হক চৌধুরী বলেন, ‘এ ঘটনা নিয়ে নগরবাসীর শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বলেন ব্যর্থতা, সেটা আমরা মেনে নিয়েছি।’
গুলিবর্ষণকারীদের শনাক্ত করার দাবি করে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল বলেন, গুলিবর্ষণকারী ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার পর তাঁরা পাহাড়ি এলাকায় চলে গেছেন। তাঁদের আস্তানায় গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়েছে। তাঁরা অস্ত্র নিয়ে আসেননি। অস্ত্রগুলো শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছেন। সেগুলো চিহ্নিত করা হয়েছে।
এনসিটিনিউজ২৪.কম