যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই নোয়াখালী জেলার বাসিন্দা।
নিউইয়র্ক পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, রেস্তোরাঁটির কর্মী রাজুর মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে রাসেলের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) তদন্ত শুরু করে। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
তবে ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসারের দাবি, রেস্তোরাঁয় এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বললে তাদের সঙ্গে ওই ব্যক্তির বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
নিহত ইউসুফ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাসিন্দা। প্রায় তিন বছর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। রাজুর বাবা মোহাম্মদ উল্লা ও মা লাকি আক্তার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।
নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানান, রাজুর স্বজনরা বাংলাদেশ থেকে ফোন করে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
এনসিটিনিউজ২৪.কম