চট্টগ্রামে বাসায় ঢুকে স্বর্ণালংকার চুরির সময় দেখে ফেলায় নিজের বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে নগরের হালিশহর থানার ঈদগাঁ বড়পুকুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ছেনোয়ারা বেগম (৬৫)। তিনি ওই এলাকার সাবের আহমদের স্ত্রী। অভিযুক্ত জানে আলম (৪২) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারা বেগমকে তাঁর ভাই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত নারীর ছেলে সেকান্দার হোসেন রবিন বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর বাবা তারাবির নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। নামাজ শেষে বাসায় ফেরার পথে দেখেন স্থানীয় লোকজন তাঁর মামাকে রক্তাক্ত ছুরিসহ আটকে রেখেছে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এনসিটিনিউজ২৪.কম