খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে। এ নিয়ে হাসপাতালে উত্তেজনা বিরাজ করে।
সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি লটে মোট ১৮৪ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের লক্ষ্যে দরপত্র আহ্বান করে। এর অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় একটি লটের ৬০ জনের ভাইভা নির্ধারিত ছিল।
তিনটি প্রতিষ্ঠান মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, তাকবীর এন্টারপ্রাইজ ও আল-আরাফা সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের তালিকাভুক্ত কর্মীরা ভাইভা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হন।
এ সময় হাসপাতালে আগে থেকে কর্মরত কয়েকজন কর্মচারীর সঙ্গে বহিরাগত ব্যক্তিরা মিলে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। না হলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ার দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাধার মুখে অন্তত ১২ জন পরীক্ষার্থী ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
এনসিটিনিউজ২৪.কম